পরিচিত সাংবাদিক ফাব্রিজিও রোমানো তাঁর পডকাস্টে ম্যানচেস্টার ইউনাইটেডের প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলকে চাওয়ার খবরটি নাকচ করেছেন। পাশাপাশি ইউনাইটেডকে ঘিরে আরও কয়েকটি গুঞ্জন নিয়েও কথা বলেছেন তিনি।

প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল
প্রথমে প্যারাগুয়ে থেকে আসা একটি খবর আমার চোখে পড়ে, যেখানে বলা হয় বিশ্বকাপে দুর্দান্ত খেলা প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের সঙ্গে আলোচনা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে খবরটি সত্য নয়। ইউনাইটেড এরই মধ্যে লিডস ইউনাইটেড থেকে দালোকে নিয়েছে; তিনি লামেন্সের বিকল্প হবেন এবং টম হিটন থাকবেন তৃতীয় গোলরক্ষক।
বায়িন্দিরও এখনো দলে আছেন। ইউনাইটেড তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বর্তমানে তাঁর জন্য নতুন ক্লাব খুঁজছে। তাই গোলরক্ষক পদে আর কোনো পরিবর্তন হবে না।
ক্রিস্টাল প্যালেসের উইঙ্গার সার
গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ইসমাইলা সারকে নিয়েও অনেক গুঞ্জন হয়েছে। তবে বর্তমানে তাঁর পরিস্থিতি ওয়েস্ট হামের উইঙ্গার সামারভিলের মতো। অনেকে বলছেন, সামারভিলের সঙ্গে ইউনাইটেডের আলোচনা গভীর পর্যায়ে পৌঁছেছে এবং বিস্তারিত কথাবার্তা চলছে। বাস্তবে রাশফোর্ড দল না ছাড়া পর্যন্ত ইউনাইটেড কোনো উইঙ্গার কেনার উদ্যোগ নেবে না। তাই সারকে নিয়ে এখন কোনো দলবদল কার্যক্রম এগোচ্ছে না।
ইউনাইটেড ও সারকে ঘিরে অনেক গুঞ্জন থাকলেও এখনো কোনো বাস্তব অগ্রগতি নেই। রাশফোর্ড এখনো ইউনাইটেডের খেলোয়াড় এবং তাঁর বিদায় নিয়ে কোনো কার্যকর আলোচনাও হয়নি। রাশফোর্ড প্রস্তাব পেলে পরিস্থিতি কী হয়, তখন দেখা যাবে।
পিএসজির মিডফিল্ডার এমেরি
আগে ম্যানচেস্টার ইউনাইটেডের পিএসজি মিডফিল্ডার এমেরিকে চাওয়ার গুঞ্জন ছিল। তবে আমি যত দূর জানি, পিএসজি তাদের মাঝমাঠে কোনো পরিবর্তন আনতে চায় না এবং ফাবিয়ান রুইসের সঙ্গে নতুন চুক্তির সমঝোতাও করেছে। ক্লাবটি একাধিক কাজ এগিয়ে নিচ্ছে, কিন্তু বর্তমান মাঝমাঠ নিয়ে তারা খুবই সন্তুষ্ট। এখন এমেরিকে নেওয়ার বিষয়টি জটিল এবং অগ্রগতি হওয়া কঠিন।
রোমার মিডফিল্ডার কোনে
রোমার মিডফিল্ডার কোনের পরিস্থিতি আলাদা। ইউনাইটেড এরই মধ্যে খেলোয়াড়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। গত সপ্তাহেও দুই পক্ষের কথা হয়েছে এবং আলোচনা এখনো চলছে। তবে কোনের জন্য কত অর্থ ব্যয় করা যাবে, ইউনাইটেডকে আগে তা ঠিক করতে হবে। বাজেট ও লক্ষ্য চূড়ান্ত হলেই তারা পরবর্তী পদক্ষেপ নেবে।
কোনে এখনো ইউনাইটেডের তালিকায় আছেন, তবে রোমার সঙ্গে ক্লাব পর্যায়ে কোনো আলোচনা হয়নি। তাঁর মূল্য ৮ কোটি ৫০ লাখ থেকে ৯ কোটি ইউরো—এমন প্রতিবেদন দেখে থাকলে বলব, আমার জানা অনুযায়ী সেগুলো সঠিক নয়। আমি শুনেছি, এই ফরাসি মিডফিল্ডারের ট্রান্সফার ফি আরও কম হবে। ইউনাইটেড কত দিতে চায় এবং তিনি কী কী প্রস্তাব পান, তা দেখতে হবে। শুধু ইউনাইটেডই তাঁকে চায় না; আগামী কয়েক সপ্তাহে বিষয়টি নজরে রাখার মতো হয়ে উঠতে পারে।
