তুরস্কের ক্রীড়া সংবাদমাধ্যম A Spor জানিয়েছে, ত্রাবজোনস্পোর আনুষ্ঠানিকভাবে সালাহর সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে পরে সরাসরি অনুষ্ঠানে ক্লাব সভাপতি এরতুঘরুল দোয়ান বিষয়টি স্পষ্ট করে বলেন, দুই পক্ষের মধ্যে এখনো কোনো চুক্তি হয়নি।

A Spor আগে জানিয়েছিল, সালাহকে দলে নেওয়ার উদ্যোগ দ্রুত এগিয়ে নিচ্ছে ত্রাবজোনস্পোর এবং তাঁর এজেন্টের সঙ্গেও যোগাযোগ করেছে। প্রতিবেদনে বলা হয়, ক্লাব কর্তৃপক্ষ দুই বছরের একটি চুক্তির প্রস্তাব দিতে চায়, যেখানে বার্ষিক বেতন হবে প্রায় ১ কোটি ৬০ লাখ থেকে ১ কোটি ৭০ লাখ ইউরো।
ফরাসি খ্যাতিমান সাংবাদিক সান্তি আওনার তথ্য অনুযায়ী, সালাহর সঙ্গে পূর্ণ সমঝোতায় পৌঁছেছে ত্রাবজোনস্পোর। তবে পরে A Spor-এর সরাসরি অনুষ্ঠানে যুক্ত হয়ে সভাপতি এরতুঘরুল দোয়ান আবারও খবরটি নাকচ করেন: “সালাহর সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়। আমাদের সমর্থকেরা অবশ্যই তাঁকে দলে দেখতে চান, কিন্তু দুই পক্ষের মধ্যে এখনো কোনো চুক্তি হয়নি।”
উল্লেখ্য, এর আগেও সালাহর নাম তুর্কি সুপার লিগের আরেক বড় ক্লাব বেসিকতাসের সঙ্গে বারবার জড়িয়েছে। গত মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ১২ গোল ও ১০টি অ্যাসিস্ট করেন সালাহ।
